সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার আ.লীগ নেতা নফর
হত্যা, স্বর্ণ চোরাচালান, মাদকসহ একাধিক মামলার আসামি দর্শনা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন নফর (৫৩) সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত খোয়াজ মল্লিকের ছেলে।
সোমবার (১৮ই নভেম্বর ২০২৪) বিকালে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একটি দল সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকা থেকে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নফরকে গ্রেফতার করে।
পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নফরের নামে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে দর্শনা থানায় সোপার্দ করা হয়।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।