ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত ১টার দিকে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজনের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ। তাঁরা হলেন- ভারতের উত্তরপ্রদেশ জেলার শাহপুর থানার সরাদ গ্রামের সারাদ এডভিনের ছেলে জাউন কল্লবীন (৩৭), নদীয়া জেলার হরিণঘাটা গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার (৫২) এবং শেহজাহানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের রামুবার্মার মেয়ে কাজল (১৪)।

রবিবার (১৫ই ডিসেম্বর ২০২৪) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, তিনজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর পরবর্তীতে বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্থ শ্যামকুড় বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের রুবেল মিয়ার মেহগনি বাগানের মধ্যে ওৎ পেতে অপেক্ষমান থাকে। রাত আনুমানিক ১টার সময় ভারতীয় নাগরিকগণ মেহগনি বাগানের মধ্যে দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় টহল তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটক তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপার্দ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।