ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
পাচারের শিকার হওয়া ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দালালদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বিজিবি। এসময় ওই কিশোরীসহ তিন বাংলাদেশী দালালকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার পর সীমান্ত পিলার ৬০/৪৭ আর এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিন বাংলাদেশী দালাল হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের ইলাহী মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৩১), একই গ্রামের তালেব খলিফার ছেলে রুবেল (৩২) এবং রেজাউল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৯)। বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর ২০২৪) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত কুমিল্লাপাড়া বিওপির একটি চৌকস টহলদল মানব পাচার প্রতিহত করার লক্ষ্যে বুধবার রাতে সীমান্ত পিলার ৬০/৪৭ আর-এর নিকটে সুকৌশলে ফাঁদ পেতে অপেক্ষমান থাকে। রাত ১২টার পর ভারতের অভ্যন্তর হতে ৭-৮ জনের একটি পাচারকারী দল সুকৌশল সীমান্তের আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪০ গজ ঢুকে পড়লে বিজিবির টহল দল হঠাৎ তাদের সামনে আত্মপ্রকাশ করে। এই সময় কয়েকজন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি টহলদল তাদের ধাওয়া করে একজন কিশোরীসহ মোট ৪ জনকে ধরে ফেলতে সক্ষম হয়। এই পরিস্থিতিতে ধৃতদের ছাড়িয়ে নিতে ৩-৪ জন ভারতীয় ব্যক্তি (দালাল) ধারালো দেশি অস্ত্র দ্বারা বিজিবি সদস্যদের উপর আক্রমণ করতে উদ্যত হয়। এতে বিজিবি সদস্য তাদেরকে পাল্টা ধাওয়া দিলেও তারা আক্রমণ করতে আরও সামনের দিকে অগ্রসর হতে থাকে। এমতাবস্থায় বিজিবি সদস্য কর্তৃক ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হলে ভারতীয় দালালরা থেমে যায়।
উক্ত পরিস্থিতিতে বিজিবি টহল দল তাদের পাকড়াও করার চেষ্টা করলে ভারতীয় দালালরা পিছু হটে এবং ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় আটক কিশোরী এবং অপর ৩ জন পুরুষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত কিশোরী পাচারের শিকার হয়েছিলেন এবং ধৃত ৩ জন পুরুষ বাংলাদেশী দালাল। তারা ভারতীয় দালালদের সহযোগিতায় উদ্ধার হওয়া কিশোরীসহ আরও কয়েকজনকে ভারত হতে বাংলাদেশে নিয়ে আসছিলেন।
ওই কিশোরী বিজিবিকে জানায়, কয়েকদিন আগে তাঁর এলাকার এক ব্যক্তি তাকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে এবং টিকটক ভিডিও করার নাম করে ভারতের কোলকাতায় পাঠায়। ভারতে অবস্থানকালে আরও কয়েকজন বাংলাদেশী কিশোরীর সাথে তাঁর পরিচয় হয়। ভিডিও শুটিংয়ের এক পর্যায়ে তিনি জানতে পারেন যে, তাদের সবাইকে কোলকাতা হতে মুম্বাই পাঠানো হবে। এতে তিনি ঘাবড়ে যান এবং সেখান থেকে মুম্বাই যেতে অস্বীকৃতি জানান। এর ফলে কোলকাতায় তিনি শারীরিক লাঞ্ছনার শিকার হন। সেখানে তাকে সুকৌশলে নেশা জাতীয় পানীয় পান করানো হয়। ফলে তিনি সব সময় ঘুম ঘুম ভাব নিয়ে প্রায় অচেতন থাকতেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বেশ জ্বরে ভুগতে থাকেন। এই পরিস্থিতিতে তাঁর অভিভাবকের সাথে ভারতীয় দালালেরা যোগাযোগ করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোটা অংকের টাকার জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে। শেষ পর্যন্ত কিশোরীর পরিবার দালালদের নিকট ৪০ হাজার টাকা প্রেরণ করেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।