বিজিবির অভিযানে জব্দকৃত ফেন্সিডিল

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৬৬১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। অভিযান পরিচালনাকালে চোরাকারবারিদের কয়েকজন রামদা, কাচি, হাসুয়া ইত্যাদি দেখিয়ে তেড়ে আসতে থাকলে বিজিবির টহল এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০শে ডিসেম্বর ২০২৪) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত মাধবখালী বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহলদল মাদকদ্রব্যের চালান প্রতিহত করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে সীমান্ত পিলার ৭১/০৮ এস এর নিকট অপেক্ষমান থাকে। রাত আনুমানিক ১২টার দিকে বিএসএফের ডিউটি পরিবর্তন হওয়ার সুবাদে ভারতীয় চোরাকারবারিরা কয়েকটি বস্তায় ভরে মাদকদ্রব্য (ফেন্সিডিল) ভারতের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ প্রান্তে ফেলে দেয়।

উক্ত বস্তাসমূহ বাংলাদেশী ১৫-২০ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর হতে বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে। বাংলাদেশী চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ভূখন্ড ব্যবহার করেই শুন্যরেখা বরাবর উত্তর দিকে অগ্রসর হতে থাকে।

বিজিবি সদস্যগণ তাদের ধরার জন্য ধাওয়া দিলে চোরাকারবারিদের কয়েকজন রামদা, কাচি, হাসুয়া ইত্যাদি দেখিয়ে তেড়ে আসতে থাকে। এমতাবস্থায় বিজিবির টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা নিজেদের বহনকৃত বস্তা (ফেন্সিডিল) ফেলে পালিয়ে যায়। টহলদল উক্ত এলাকা হতে মোট ১৯টি বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তা বিওপির অন্যান্য সদস্য এবং সোর্সের সহযোগিতায় বিওপিতে নিয়ে আসা হয়। উক্ত ফাঁকা ফায়ারে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। পরে ওই ১৯ বস্তা থেকে সর্বমোট ৬৬১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।