ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দর্শনার নেহালপুর থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ সজিব হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ। মঙ্গলবার (২১শে জানুয়ারি ২০২৫) দিবাগত রাত ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। আটক সজিব হোসেন (২৩) দর্শনা থানার আজিমপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

দর্শনা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন হিজলগাড়ী পু্লিশ ক্যাম্পের এএসআই ছগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ নেহালপুর গ্রামের পশ্চিমপাড়া ফাঁকা মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৮০ বোতল ফেন্সিডিলসহ সজিব হোসেন নামের একজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ।

জব্দকৃত পিকআপ ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৮ লাখ ৪০ হাজার টাকা। যার মধ্যে পিকআপের মূল্য ১৬ লাখ টাকা এবং ফেন্সিডিলের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে দর্শনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।