অনলাইন ডেস্ক:: নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছের অভিযোগে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হাজীপাড়া গ্রাম থেকে এনামুল নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বদলগাছীর মিঠাপুরের হাজীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল হক (৪০) বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মৃত তছির উদ্দিনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বদলগাছী অফিসার ইনচার্জ শাহজাহান আলীর নেতৃত্বে এস আই আব্দুল মমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছীর মিঠাপুরের হাজিপুর গ্রামের এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় এনামুল হকের বাড়ির আঙ্গিনা থেকে প্রায় ৮ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ এনামুল হক (৪০)কে আটক করে।

স্থানীয়রা জানান, এনামুল হক তার বাড়ির উঠানে আম গাছের আড়ালে দীর্ঘ প্রায় এক থেকে দের বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে যাতায়াত করলেও গাছটি গাঁজার গাছ তা তারা জানতেন না বলে মন্তব্য করেন।

বদলগাছী থানার ওসি শাহজাহান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এনামুল হককে আটক করেছি। তার বাড়ির উঠান থেকে একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।