ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সারাদেশে বন্ধ রয়েছে সবধরনের ট্রেন চলাচল। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই স্টেশনে এসে ট্রেন বন্ধ থাকার খবর শুনে ফিরে গেছেন বাড়িতে। কেউ কেউ আবার ব্যবহার করছেন বিকল্প পথ। তবে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ রুট সমূহে চালু করা হয়েছে বিআরটিসির বাস সার্ভিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।
জানা যায়, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন যাত্রা করেনি। এদিকে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। দেশের অন্য জায়গার মতো মঙ্গলবার (২৮শে জানুয়ারি ২০২৫) সকাল থেকে এখন পর্যন্ত খুলনা থেকেও ছাড়েনি কোনো ট্রেন।
যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘তাদের দাবি নিয়ে আমরা রেলপথ বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে আলাপ করেছি। আশাকরি যাত্রী সাধারণের কথা বিবেচনা করে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং আলোচনায় যোগ দেবেন।’
উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।