পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে ধানক্ষেতে অবৈধ বৈদ্যুতিক লাইন টেনে ইঁদুর মারার ফাঁদ তৈরি করার অপরাধে এক কৃষককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া কৃষক মো. মাহাবুবের বৈদ্যুতিক মিটারের সংযোগ অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন করেছে নাজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, স্থানীয় রেজাউল মোল্লার ব্যবহৃত মিটার থেকে বৈদ্যুতিক লাইন টেনে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য গুনা দিয়ে ফাঁদ তৈরি করে বিদ্যুৎ সংযোগ দেন মাহবুব।এ অভিযোগে উপজেলা প্রশাসন তাকে জরিমানা করেন এবং নাজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটারের লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
নাজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার ফুয়াদ আল আরিফিন বলেন, ‘বৈদ্যুতিক লাইন দিয়ে কৃষি ক্ষেতে অবৈধ ইঁদুর মারার ফাঁদ দেওয়ার কোনো বিধান নাই, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা রবিবার রাতে এক কৃষকের বৈদ্যুতিক মিটার লাইন অনির্দিষ্টকালের জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’