পটুয়াখালী প্রতিনিধি:: ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি পড়ানোর রেষ ধরে পরিবারের সকল সদস্যদের হত্যার পরিকল্পনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বাড়িতে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় দুর্বৃত্তরা তার গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। তারা আন্দোলনকারীদের সঠিক নিরাপত্তা দিতে পারেননি। এ সময় তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেন। এর মধ্যে নতুন ঘর নির্মাণ এবং দোষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে। এছাড়া আমি একাই আমার বাড়ির সামনে রাস্তায় দাঁড়াবো, আর আমি এখানে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে।
কাফি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, মানুষের জন্য কথা বলেছি। শেখ হাসিনা বলেছে ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। ঠিক ধানমন্ডি ভাঙ্গার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে। আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছে। যখন জুলাই আন্দোলনের সময় পালিয়েছিলাম তখন এবং আজ আমার ঘর পোড়ানোর জন্য কেঁদেছে, বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত বলে কেঁদে দেন কাফি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কাফির বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা।
তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পারলেও আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান।