নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের শ্রীপুরে অটোচালক ফালান হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মধ্যে তিনজন ছিনতাইকারী ও আরেকজন ছিনতাই করে নেওয়া অটোর ব্যাটারির ক্রেতা। তিন ছিনতাইকারী যাত্রীবেশে উঠে মাফলার পেঁচিয়ে চালক ফালনকে হত্যা করে রিকশার ব্যাটারি ছিনতাই করার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকার কংশেরকুল গ্রামের সাগর (২২), টাঙ্গাইলের দেলদুয়ার থানার জেনাকুর গ্রামের শাহিন (২০) ও শ্রীপুরের মাওনা এলাকার আলিফ (১৮) এবং ব্যাটারির ক্রেতা ময়মনসিংহের কোতোয়ালি থানার বনপাড়া এলাকার শুক্কুর আলী (৪৪)।ছিনতাইকারীরা মাওনা এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ফালানের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি পরিবার নিয়ে গাজীপরের শ্রীপুরের দক্ষিণ বারতোপা গ্রামে ভাড়া থেকে অটোরিক্সা চালাতেন। গত শনিবার রাতে ওই তিন ছিনতাইকারী যাত্রীবেশে উঠে শ্রীপুরের বারতোপা গজারি বনে নিয়ে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে ফয়সালকে হত্যা করে।তারা লাশ বনে ফেলে অটোরিকশার ব্যাটারি খুলে ভাঙারির দোকানদার শুক্কুর আলীর নিকট বিক্রি করে দেয়। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। পরে মামলা তদন্তের দায়িত্ব পায় গাজীপুর পিবিআই।