ঝালকাঠি প্রতিনিধি:: দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশে যত সরকার এসেছে, তারা কেউ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এখনো দেশের মানুষের সঙ্গে একটি গোষ্ঠী জুলুম করছে। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।আজ শনিবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে ভোট দিতে হবে।
দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।এ ছাড়া কেন্দ্রীয় জামায়াত নেতা ফকরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ বক্তব্য দেন।