ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের জানুয়ারি/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মার্কেট, শপিংমল ও হাইওয়ে পুলিশের টহল বৃদ্ধিসহ থানা এলাকায় সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান। অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।