প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে হানা দিয়েছে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্র। এসময় চোরেরা একটি লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ-১২-২৭৬৭) চুরি করে নিয়ে গেছে। তবে চোরচক্র অপর ৩টি মোটরসাইকেল চুরি করতে গিয়ে হয়েছে ব্যর্থ। বুধবার (৫ই মার্চ ২০২৫) সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামে এই ঘটনা ঘটে।
উথলী গ্রামের বিশ্বাসপাড়ার ইদ্রিস আলী ইদু বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমি বসতবাড়ির গেটের সামনে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাড়ির মধ্যে ইফতার করতে যায়। ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করার পর উথলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির বাইরে বের হয়ে দেখি মোটরসাইকেলটি যথাস্থানে নেই। আশেপাশে অনেক খোঁজাখুজি করেও এখন পর্যন্ত গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের সাথে আলোচনা করেছি। আগামীকাল সকালে জীবননগর থানায় আমি একটি সাধারণ ডায়েরি করবো।’
এছাড়া একই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালীন উথলী দক্ষিণপাড়া জামে মসজিদের কাছ থেকে লক ভেঙে ১টি বাজাজ ডিসকভার, ১টি হোন্ডা লিভো ও ১টি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল চুরি করার সময় ব্যর্থ হয়েছে চোরচক্র। উথলী গ্রামের দক্ষিণপাড়ার হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় আমার হিরো স্প্লেন্ডারসহ মোট ৩টি মোটরসাইকেল চুরি করার চেষ্টা করে চোরচক্র। তবে এক ব্যক্তি দেখা ফেলায় চোর পালিয়ে যায়। আমরা ওই সময় মসজিদে মাগরিবের নামাজ আদায় করছিলাম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।