নিজস্ব প্রতিবেদক:: ভোলার চরফ্যাশনে এক তরুণীকে ধর্ষণে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শরীফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১১ মার্চ) বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শরীফ ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বছর মেঘনা নদীর তীরে ১৯ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।অভিযুক্ত শরীফ এই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। ঘটনার এক বছর পর ভুক্তভোগী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার জন্য সে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে দেয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া কালের কণ্ঠকে জানান, ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার চার নম্বর আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব।তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলের দিকে শরীফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।