ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ই এপ্রিল ২০২৫) সকালে চেকপোস্টের নতুন ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
নিহত পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজু (৩০) কুষ্টিয়ার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাসেম আলীর। গত ৬ মাস আগে তিনি দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে যোগদান করেন।
জানা যায়, অন্যান্য দিনের মতো ডিউটি শেষে বৃহস্পতিবার রাতে চেকপোস্টের নতুন ভবনের একটি কক্ষে ঘুুমাতে যান পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজু। শুক্রবার সকালে ডিউটির জন্য শামীমকে ডাকতে যেয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে রুমের ভেতরে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার এক সহকর্মী।
খবর পেয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও গণমাধ্যমকর্মীদের বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহত পুলিশ সদস্যের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।