আপডেট নিউজ: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ধনু সিকদার বাজার কমিটির সভাপতির নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে মো. রোকনুজ্জামান উজ্জল খান নামে এক ঠিকাদারের বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে বাজার কমিটির সভাপতি মো. সালাউদ্দিন সরদার সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাজারের উন্নয়ন করতে গিয়ে এই চাঁদা দাবি ও না দেওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়- সম্প্রতি হরিনাথপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারের কাছ থেকে জোড়পূর্বক দেড় লক্ষ টাকার ড্রেনেজ উন্নয়ন কাজ হাতিয়ে নেয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান খান সজল। তিনি ওই কাজ তার বড়ভাই মো. রোকনুজ্জামান উজ্জল খানকে কাজটি সম্পন্ন করার দায়িত্ব প্রদান করেন।
ঘটনার দিন গত ৩ সকাল সাড়ে ১০টার দিকে ঠিকাদার উজ্জল খান কাউকে কিছু না জানিয়ে তার ঠিকাদারি কাজে বাজারের বাথরুমের মটার ব্যবহার শুরু করে। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সাথে নিয়ে বাজার কমিটির সভাপতি মো. সালাউদ্দিন সরদার ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নের মটার ব্যবহার করতে নিষেধ করেন। এসময় উজ্জল খান ক্ষিপ্ত হয়ে বাজার সভাপতিকে বলেন- আপনাদের মটার ব্যবহার করতে না দিলে বাজার থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে আমাকে দিবেন।
এসময় বাজার সভাপতিসহ ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। পরবর্তীতে সালাউদ্দিন সরদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডা ছড়ানো হয়।
তিনি এই ঘটনায় আইনশৃংখলাবাহিনীসহ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
এবিষয়ে ঠিকাদার রোকনুজ্জামান উজ্জল খান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।