ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ই মে ২০২৫) সকালে দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গায় এবং একইদিন বিকালে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ড এলাকায় পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত এরাদ আলী মণ্ডলের ছেলে ফুশিয়ার রহমান মণ্ডল (৭৫) এবং দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ার শামসুলের স্ত্রী রোজিনা খাতুন (৫২)।

স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইজিবাইকযোগে তিন মেয়ে ও এক নাতি ছেলেকে নিয়ে কোটচাঁদপুরে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ফুশিয়ার রহমান। পথিমধ্য জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঁকা ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি পাটবোঝাই ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০২৬২) সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী ফুশিয়ার রহমান ও তাঁর তিন মেয়ে শান্তাহার (৫০), সোনাহার (৪৫), লিমা খাতুন (৩০) এবং নাতি নিরব হোসেন (১০) মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ফুশিয়ার রহমান মৃত্যুবরণ করেন। বাকিরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস। তিনি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়া একইদিন সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালক কিশোর হৃদয়কে (১৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শামসুলের স্ত্রী ফিরোজা খাতুন সকালে মতিয়ারের ইটভাটার সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে হৃদয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সে ফিরোজা খাতুনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ৫০ গজ দূরে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দ্রুতগতির মোটরসাইকেলসহ কিশোর হৃদয়ও পার্শ্ববর্তী একটি গর্তে পড়ে যায়। স্থানীয়রা তাকে আটক করে কার্পাসডাঙ্গা ক্যাম্পের পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।