ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ভারতীয় হেরোইন, মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও আম উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বিভিন্ন বিওপির বিজিবি সদস্যরা। সোমবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন উথলী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার শহর আলীর নেৃতত্বে সোমবার দুপুর পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ওই গ্রামের কবরস্থানের পাশের একটি মেহগনি বাগানের মধ্য হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন।

একই বিওপির বিজিবির সদস্যরা রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার সিংনগর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ১৩ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট।

এদিকে একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা সোমবার দুপুর দেড়টার দিকে নায়ের সুবেদার আবুল কালাম আজাদের নেৃতত্বে উপজেলার নতুনপাড়া গ্রামের একটি আমবাগানের মধ্যে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিকের ক্যারেট ও একটি পাওয়ারট্রলি।

এছাড়া রবিবার বিকালে রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মানিকপুর গ্রামের একটি পেয়ারা বাগানের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৪৮ বোতল ভারতীয় মদ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।