ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
আসন্ন পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পশুর হাটের ইজারাদার, খামারি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২০ই মে ২০২৫) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বিভিন্ন পশুর হাটের ইজারাদার, খামারি ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করেন। তিনি এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পশুর হাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা প্রদান করেন।
তন্মধ্যে, হাটে এবং হাট সংশ্লিষ্ট খাবারের হোটেলে হাট মালিকের ব্যবস্থাপনায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে মাইকিং করা, যত্রতত্র ভ্রাম্যমাণ হোটেল না বসানো, হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা এবং পশু হাটের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, এক বাজারের পশুর ট্রাক জোরপূর্বক অন্য বাজারে না নামানো, বাজারের নির্দিষ্ট এলাকার বাইরে অথবা মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পশু না রাখা, বাজার কমিটি কর্তৃক প্রদত্ত নির্ধারিত পোশাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা রাখা এবং খাজনার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার/ফেস্টুন ঝুলানো, স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রেখে হাটে পুলিশ কন্ট্রোলরুম রাখা এবং বড় ব্যবসায়ীদের বেশি পরিমান টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নেওয়া, পশুরহাটে পর্যাপ্ত জালনোট শনাক্তকরণ মেশিন রাখা, চাঁদাবাজি রোধ, পশুরহাটে ক্রেতা বিক্রেতাদের হয়রানি বন্ধ রোধ এবং তাৎক্ষণিক পুলিশি সেবা গ্রহণের জন্য হাট এলাকার দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসারদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ফেসটুন/ব্যানার টাঙানোর নির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট, সকল অফিসার ইনচার্জগণ; ডিআইও-১, ডিএসবি চুয়াডাঙ্গাসহ পশুর হাটের ইজারাদারগণ ও ডেইরি ফার্মের মালিক/প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।