ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকার মাদকদ্রব্য ও ওষুধ ধ্বংস করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসময় ভারতীয় ২৫ হাজার ৮১৩ বোতল ফেন্সিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি ৯৫১ গ্রাম গাঁজা, ৬৫ হাজার ৯৭৪ পিস ইয়াবা, ৩৬ কেজি ৭৯১ গ্রাম হেরোইন, ৭৮ কেজি ৯৪০ গ্রাম কোকেন, ৬ কেজি ২৯৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল এলএসডি, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৩ হাজার ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ হাজার ৮৪৫ পিস ভারতীয় ওষুধ এবং ৯ হাজার ৯৬০ পিস বাংলাদেশী ওষুধ ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২শে মে ২০২৫) সকাল পৌনে ১০টার সময় মহেশপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডেয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলমসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷ এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।