ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ২৯৭ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা এবং একটি অটোভ্যানসহ ৯০ কেজি পেয়ারা উদ্ধার করেছে বিজিবি। এছাড়া দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে শুক্রবার দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে একটি আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল।
একই ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার কামরুজ্জামান মল্লিকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাঠে একটি আমবাগানের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল।
একই বিওপির বিজিবি সদস্যরা শুক্রবার দুপুর ১২টার দিকে হাবিলদার কামরুল হাসানের নেতৃত্বে গয়েশপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৯০ কেজি পেয়ারা ও একটি অটোভ্যান।
এছাড়া বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার ওলিয়ার রহমানের নেতৃত্বে মাধবখালী গ্রামের শাহাবুদ্দিনের আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ২ কেজি ভারতীয় গাঁজা।
এদিকে একই ব্যাটালিয়নের অধীন নিমতলা বিওপির বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাবিলদার এসএম মজনুর নেতৃত্বে দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বুলু মিয়ার পাট ক্ষেতের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৯ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।