ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে তাদের আটক করা হয়।

আটক বাংলাদেশী পুরুষ নাগরিকরা হলেন- খুলনার বাটিয়াঘাটা থানার বালিয়াডাঙ্গা গ্রামের মহাসিন শেখের ছেলে শাহজালাল শেখ (২৫), ফুলতলা থানার গারাখোলা গ্রামের মৃত সামাদ খাঁর ছেলে আবু জার খাঁ (৩৭), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের সালাম গাজীর ছেলে রাহুল গাজী (২৫) এবং নজরুল গাজীর ছেলে ইরাই গাজী (৩৭)।

শনিবার (২৪শে মে ২০২৫) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা বিওপির টহল দল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৩৩-আর হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন নারী, ৭ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির টহল দল শুক্রবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের একটি আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল। নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।