ফেন্সিডিলসহ আটক দুই আসামি 

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার কালা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- কালা গ্রামের মাঝপাড়ার মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম দুধবারী (৪৫) এবং মাধবখালী গ্রামের আ. সাত্তার খানের ছেলে শাজাহান খান (৪২)।

অভিযানসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাবির নেতৃত্বে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার কালা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুধবারী ও শাজাহানকে আটক করে।

এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২৩ বোতল ফেন্সিডিল, ৩টি বাটন ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আটক দুজনকে সোমবার ভোরে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।