ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ রুবিনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুবিনা খাতুন রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুনপাড়ার শখের আলীর স্ত্রী।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুনপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রুবিনা খাতুনকে তার বসতবাড়ির সামনের রাস্তার উপর হতে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও একটি পুরাতন ওজন পরিমাপক ডিজিটাল মেশিন। আটক নারীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।