অনলাইন ডেস্ক:: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাট জেলায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।বুধবার (২৮ মে) রাতে জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়।বৃহস্পতিবার (২৯ মে) দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়া না থাকলেও, বৃষ্টিতে আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে।
এদিকে বৃষ্টি ও গভীর নিম্নচাপের প্রভাবে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে গেছে। জোয়ারের পানিতে বাগেরহাট পৌরসভার রাহাতের মোড়, পুরাতন বাজার, কাঁচাবাজার, মোরেলগঞ্জ পৌরসভার প্রধান বাজার, বিভিন্ন সড়ক, মোংলা শহরের বেশিরভাগ এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।আবহাওয়া খারাপ হওয়ায় মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন-উর-রশিদ বলেন, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণেই মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, তিন নম্বর সতর্কতা সংকেত জারি থাকলেও আবহাওয়া এখনও অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।