ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৭৭ দশমিক ৭১ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার (২৯শে মে ২০২৫) দুপুরে মহেশপুর উপজেলার পলিয়ানপুর এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। এসময় পাচারকাজে জড়িত মোটরসাইকেল চালক পলিয়ানপুর গ্রামের মৃত আনচান আলীর ছেলে হামিদুল (৩৮) স্বর্ণের বারের পোটলা ও মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির এসআইপি সদস্য কর্তৃক মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ার আজিজুলের গোডাউনের সামনে পাকা রাস্তার উপরে একটি মোটরসাইকেল চালককে থামার জন্য সংকেত দেওয়া হয়। এসময় মোটরসাইকেল চালক পলিয়ানপুর গ্রামের মৃত আনচান আলীর ছেলে হামিদুল মোটরসাইকেল ও তার কোমরে বাধা কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
পরবর্তীতে মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে কসটেপ পেচানো পোটলা খুলে ৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১৭৭ দশমিক ৭১ গ্রাম। জব্দকৃত স্বর্ণ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।