ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় তৈরি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ জাদু মিয়া নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (২০ জুন ২০২৫) ভোরে উপজেলার কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাদু মিয়া কেশবপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাবিবের নেতৃত্বে শুক্রবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে জাদু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি এমটি কাটিস, ৩টি চাপাতি, ২টি বড় ছুরি, ১টি বাটন মোবাইল ফোন ও নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।