ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ ইমরান বাবু (৩৫) নামের একজনকে আটক করেছে বিজিবি। রবিবার (২২শে জুন ২০২৫) সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান বাবু একই উপজেলার গয়েশপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি নায়েক আনোয়ার হোসেনের নেতৃত্বে রবিবার সকাল ৯টার দিকে সীমান্তের মেইন পিলার ৬৯/২-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মিয়া মোড় এলাকার পাকা রাস্তার উপর হতে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ ইমরান বাবু নামের একজনকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে জীবননগর থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল। হাবিলদার রমজান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।