ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও ১টি স্বর্ণের টুকরাসহ মো. মমিন নামের একজনকে আটক করেছে বিজিবি। রবিবার রাত ৮টার দিকে উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মমিন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মণ্ডলের ছেলে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার রাত ৮টার দিকে সীমান্ত পিলার ৬৯/২-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার বহন করার সময় একটি বাইসাইকেলসহ মমিন নামের একজনকে আটক করা হয়। তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৮টি স্বর্ণের বার ও ১টি স্বর্ণের টুকরা। যার ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।
জব্দকৃত স্বর্ণ ও বাইসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬৩ লক্ষ ৪৬ হাজার ১০৮ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিকে জীবননগর থানায় হস্তান্তর ও মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।