ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ২ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। রবিবার (২২শে জুন ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দক্ষিণ পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত সুগেন্দ্রর ছেলে নেপাল দাস (৪০) এবং নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের হরিপদ জল দাসের ছেলে শিশু পদ জল দাস (২০)।

সোমবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির হাবিলদার আজিজুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার দুপুর পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ৬১ এমপি হতে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনা করছিল।

এসময় জীবননগর উপজেলার হরিপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে দুজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।