ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
‘বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছর ধরে মানুষ হত্যা হচ্ছে। নিরাপরাধ বাংলাদেশী মানুষদের, কৃষকদের হত্যা করা হচ্ছে। ৭ দিন আগে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক কৃষককে হত্যা করা হয়েছিল। সাত দিন পর তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি খুনী বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করায় যেন তার একমাত্র দায়িত্ব।’
বুধবার (৯ই জুলাই ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এক পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশ সীমান্তে হাজারেরও উপরে মানুষ হত্যা করা হয়েছে। এই চুয়াডাঙ্গা সীমান্তেই ২০০ এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। সীমান্তে গরু চালানকারী, পাচারকারী বলে গরীব মানুষদের হত্যা করা হচ্ছে। অথচ গত ৫৪ বছর ধরে কোনো সরকার এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।
তিনি আরও বলেন, ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনা সরকার গত ১৬ বছর ধরে টিকেছিল গুম, খুন ও মানুষকে হত্যা করে। আমরা কিন্তু সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেব না।
নাহিদ ইসলাম বলেন, ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দমূলক সম্পর্ক চাই তাহলে সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতেই সে সম্পর্ক হতে হবে। বাংলাদেশই কেবল ভারতের উপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনাদেরকে কঠোর হতে হবে। আমরা কিন্তু কোনো সরকারের দিকে তাকিয়ে থাকব না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র-তরুণরা অবশ্যই তার সীমান্তকে, মানচিত্রকে, মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির নেতৃবৃন্দরা গত ২রা জুলাই বিএসএফের গুলিতে নিহত দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের ইব্রাহিম বাবুর বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।