ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবিকার তাগিদে সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের জিনারুল মল্লিকের ছেলে রিংকু রহমান (৩২)। সেখানে গিয়ে পরিচয় হয় স্মৃতিনুর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক মালয়েশিয়ান তরুণীর সাথে। প্রেম-ভালোবাসা থেকে পরিবারের সম্মতিতে চলতি বছরের জানুয়ারি মাসে তারা একে অরপকে বিয়ে করেন।
এরই মাঝে গত তিনমাস আগে ছুটিতে নিজ দেশে এসেছেন রিংকু। স্ত্রীকেও সাথে করে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু সাথে করে আনতে পারেননি। তবে শনিবার (২রা আগস্ট ২০২৫) সন্ধ্যায় স্মৃতিনুর আতিকা এসে পৌঁছান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিজ গ্রাম উথলীতে নিয়ে আসেন রিংকু। বর্তমানে তারা উথলীতেই অবস্থান করছেন।
রিংকু বলেন, ২০১৮ সালে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের জন্য আমি মালেশিয়াতে যাই। এর কয়েকমাস পরেই স্মৃতিনূর আতিকার সাথে আমার পরিচয় হয়। এরপর কয়েকবছর আমাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতে থাকে। মোবাইল ফোনে কথা বলতে বলতে ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। এ বছরের জানুয়ারি মাসে আমরা পরিবারের সম্মতিতে মালেশিয়াতে বিয়ে করেছি।
তিনি আরও বলেন, ছয় মাসের ছুটিতে দেশে এসেছি। এরমধ্যে তিন মাস অতিক্রম হয়েছে। আমার স্ত্রী মালয়েশিয়া থেকে আজ সকালে আমাদের বাড়িতে এসেছে। এখন সে আমাদের বাড়িতেই থাকবে। ছুটি শেষ হয়ে গেলে স্ত্রীকে সাথে নিয়ে আবার মালেশিয়াতে চলে যাব।
এদিকে মালেশিয়ান তরুণী আসার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ান তরুণীকে একটি নজর দেখার জন্য সকাল থেকেই বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।