ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডু্বে রিমন (৭) ও জুবায়েদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩রা আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমন মোক্তারপুর গ্রামের ঈদগাহপাড়ার সজীব হোসেনের ছেলে এবং নিহত জুবায়েদ একই পাড়ার জুয়েল মিয়ার ছেলে। তারা কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রিমন, জুবায়েদ ও রাব্বি ভৈরব নদে গোসল করতে নামে। এসময় তারা নদীতে জাগ দেওয়া পাটের উপর খেলা করছিল। খেলার এক পর্যায়ে রিমন পানিতে পড়ে গেলে তাকে তুলতে যেয়ে জুবায়েদও পানিতে পড়ে যায়। তাদের দুজনকে ডুবে যাওয়া দেখে রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। এসময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাদের দুজনকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত নিহতদের বাড়িতে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশের একটি টিম। নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।