ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৭৪ বোতল ভারতীয় মদ ৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৩ই আগস্ট) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির একদল বিজিবি হাবিলদার মাহফুজুর রহমানের নেতৃত্বে বুধবার ভোরে উপজেলার বেনীপুর গ্রামের মাঠের একটি মেহগনি বাগানের ভেতর থেকে আসামিবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার ধোপাখালী গ্রামের কবরস্থানের কাছ থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী বিওপির বিজিবি সদস্যরা উপজেলার মনোহরপুর গ্রামের মাঠের একটি মেহগনি বাগানের ভেতর থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৪৭ বোতল ভারতীয় মদ। অভিযানে নেতৃত্ব দেন নায়েক মাহাবুর রহমান।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।