ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ববিরোধের জেরে আপন দুই ভাইকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০শে সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী গ্রামের ওরশতলা মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতরা হলেন- উথলী গ্রামের বড়মসজিদ পাড়ার মৃত খোদা বক্সের ছেলে আনোয়ার হোসেন মিন্টা (৫৫) ও হামজা (৪৫)।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গরু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে গত কয়েক মাস পূর্বে মৃত আমোদ আলীর ছেলে নিজামউদ্দিন খোকা ও তার ছেলে জুয়েলসহ আত্মীয়-স্বজনদের সাথে প্রতিবেশী মিন্টা এবং তার ভাইদের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় খোকা ও তার ছেলে জুয়েলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ভাগ্যক্রমে খোকা বেঁচে গেলেও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকায় তিনি ও তার ছেলেরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই মারামারিতে মিন্টার ভাই হামজাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। মারামারির ওই ঘটনায় উভয়পক্ষই মামলা দায়ের করেন যা এখনও চলমান রয়েছে।

এরই জের ধরে শনিবার সকাল ৭টার দিকে মিন্টা ও হামজা মাঠে কাজ করতে গেলে তাদের দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হামজা মৃত্যুবরণ করেন। তার কিছুক্ষণ পরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিন্টা।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। নিহতদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।