ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসমা খাতুন (২৫) কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

বিজিবি জানায়, দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন বাড়াদী বিওপির একটি বিশেষ টহল দল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর অবস্থান নেয়।

এসময় আসমা খাতুন নামের এক নারী সীমান্তবর্তী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে সন্দেহজনকভাবে তাকে আটক করে বিজিবির টহল দল। পরবর্তীতে ওই নারীকে তল্লাশি করে ভ্যানিটি ব্যাগ থেকে কাগজে মোড়ানো একটি পোটলা, ১টি বাটন মোবাইল ফোন ও নগদ ১৮০ টাকা উদ্ধার করা হয়। পোটলা খুলে উদ্ধার করা হয় ৩টি স্বর্ণের বার।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমাদানের কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।