মো. শরীফুজ্জামান শরীফ | মাহমুদ হাসান খান বাবু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন পেয়েছেন মো. শরীফুজ্জামান শরীফ। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ছাড়াও তিনি কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি।
সোমবার বিকালে (৩রা নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার ২টি আসনসহ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় মোট সংসদীয় আসনের সংখ্যা ২টি। এর মধ্যে আলমডাঙ্গা উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দ্র, পদ্মবিলা ও মাখালডাঙ্গা ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা ১ আসন এবং দামুড়হুদা ও জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ আসন গঠিত।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।