ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের চর আইচা গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল (৩৫)। তিনি ওই গ্রামের মৃত মুছা মাঝির ছেলে। নৌবাহিনীর লেফটেন্যান্ট শেখ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনীর দুটি সেকশন ও দক্ষিণ আইচা থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত চারটার দিকে বাবুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির ওয়াশরুমের ছাদের ওপর পলিথিনে মোড়ানো আস্তানায় ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।