আপডেট নিউজ :: আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন দুপুর সাড়ে ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।
জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি। এ লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। অর্থ বিষয়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারকে।
এ ছাড়া শৃঙ্খলা কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য কমিটিতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মঞ্চ কমিটির আহ্বায়ক মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, প্রচার কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, আপ্যায়ন কমিটির আহ্বায়ক শেখ আব্দুর রহিম ও আবাসন কমিটির আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার।
মিডিয়া কমিটির দায়িত্ব পালন করবেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু। জনসভা সফল করতে দলটির নেতাকর্মীরা এখন মাঠ পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন।