মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।আটককৃতরা হলেন—সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মো. ইউসুফ (১৮) এবং সূর্যমণি গ্রামের সোহেল ঢালির ছেলে হাসান ঢালি (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।