আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিলন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ই ফেব্রুয়ারি) রাতে আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন হোসেন (৩৪) একই গ্রামের মণ্ডলপাড়ার বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে আলমডাঙ্গা থানায় রজুকৃত দুটি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল ইউনিটের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার, চোর, ডাকাত ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উক্ত অভিযানের ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানাধীন হাপানিয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম গোপিনাথপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চিহ্নিত ডাকাত মিলন হোসেনকে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।