আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের আয়োজনে বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।

প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া, ফলাফল প্রেরণ এবং ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

এসময় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখসহ পুলিশ, প্রশাসন ও নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।