আপডেট নিউজ:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রোববার সকাল ১১টায় বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মেজর সৈকত বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সকলে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সভায় জানানো হয়, বরিশাল শহর এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।এ সময় তারা গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।