আপডেট নিউজ ডেস্ক:: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারের শেষ দিনে বরিশালে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থীরা পৃথক শোডাউন, সমাবেশ ও গণমিছিল করেছেন। আজ সোমবার শেষ মুহূর্তের এ প্রচারণায় মুখরিত ছিল পুরো বরিশাল।বরিশাল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দুপুরে নগরীতে বিশাল গণমিছিল বের করা হয়।
নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তর করে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’
এদিকে প্রচারের শেষ দিনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বিশাল গণমিছিল করেছেন। গৌরনদী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের নিয়ে জোর কদমে প্রচারণা চালান তিনি।অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বিকেলে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভা করেন।
বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। সমাবেশে ফয়জুল করীম বরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।উল্লেখ্য, বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে লড়াই করছেন ৫ জন প্রার্থী।