গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার এবং নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ ছাড়া ধামরাই থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব সড়কে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। কারখানা ছুটিকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের ঘরমুখী যাত্রায় অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতোই উপচে পড়েছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অনেক কারখানায় কয়েক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সুযোগে শ্রমিকদের একটি বড় অংশ ভোটাধিকার প্রয়োগ ও পরিবারের সাথে দেখা করতে বাড়ির পথে রওনা হয়েছেন।অতিরিক্ত যাত্রীর চাপের সুযোগ নিয়ে কয়েকটি পরিবহনের বিরুদ্ধে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে একযোগে চাপ বেড়ে যাওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে। জট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।