নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুমতি ছাড়া বাইরে যাওয়ায় দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বুধবার রাতে এ ঘটনা ঘটে ।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানিয়েছেন, দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুইজন হলেন- সহকারী প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান ও খাদিজা খানম। তাদের স্থানে নতুন দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা খানম ও বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুইজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অনুমতি ছাড়াই কেন্দ্রের বাইরে ঘোরাঘুরি করেছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, তারা একটি রাজনৈতিক দলের নেতার বাসায় গিয়েছিলেন। বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। তাই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা স্থানীয় জামায়াতের আমিরের বাসায় গোপন বৈঠক করতে গিয়েছিলেন। তবে কর্মকর্তারা দাবি করেছেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। ঘটনার একপর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারের নিকট অবহিত করেন এবং তারা পরিবর্তন করা হয়।