ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবা নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন।
রোববার উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শুভ খান (২৫)। তাঁর বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।স্থানীয় জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই বাবাকে চাপ দিতেন তিনি। গত শনিবার সন্ধ্যা ৭টায় মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন শুভ। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝগড়ার একপর্যায়ে শুভ আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন। রাতে তিনি ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান। পরে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা বারেক খান ঘুমন্ত ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত বাবা নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”