নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আবুল হোসেন খানের প্রেস সচিব এডভোকেট জিন্নাহ রথি। একাউন্ট হ্যাক বিষয়টি জানাজানি হলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল থেকে অজ্ঞাত হ্যাকাররা তার ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ একাউন্টে অনধিকার প্রবেশ করে। পরে ওই একাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনদের কাছে অর্থ চেয়ে বার্তা পাঠানো হয়।
এ বিষয়ে আবুল হোসেন খান বলেন, আমার হোয়াটসঅ্যাপ একাউন্টটি হ্যাক হয়েছে। কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথাও জানান।
বাকেরগঞ্জ থানার একটি সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে সাইবার অপরাধ দমন সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে হ্যাকারদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বার্তা পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।