নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মেঘনা নদী থেকে একটি চরঘেরা জাল, দুই হাজার খুঁটি ও দুটি ট্রলারসহ তিন জেলেকে গ্রেফতার করেছে মৎস্য বিভাগ। বুধবার হিজলা নৌপুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার আব্দুল জলিল ব্যাপারীর ছেলে পিন্টু ব্যাপারী, রহমানের হাট এলাকার কাঞ্চন সরদারের ছেলে চুন্নু সরদার ও লস্করপুরের আব্দুল মজিদ মাঝির ছেলে সুফিয়ান রহমান।হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জেলেরা একটি চরকে জাল দিয়ে ঘিরে ফেলে। এ খবর পেয়ে অভিযান পরিচালনা করে জাল, দুই হাজার খুঁটি ও দুটি ট্রলারসহ তিন জেলেকে গ্রেফতার করা হয়। পরে জাল ও খুঁটি পুড়িয়ে ফেলা হয়েছে। ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, গ্রেফতার তিন জেলের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। মামলার আসামি হিসেবে তাদের আদালতে পাঠানো হবে।