চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মতো দুর্যোগে এসব এলাকার মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। এই বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
UNDP এর মাধ্যমে “এডাপটেশন ফান্ড” এর সহায়তায় “বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ এবং নদীর চরের জন্য অভিযোজন উদ্যোগ (Adaptation Initiative for Climate Vulnerable Offshore Small Islands and Riverine Charland in Bangladesh)” প্রকল্পটি জলবায়ু সহনশীল উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ প্রকল্পের আওতায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে মোট ২,৯২৫ জন উপকারভোগীর জন্য বিভিন্ন আয় উৎপাদনমূলক কার্যক্রম (IGA) বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সরকারের জাতীয় অগ্রাধিকার যেমন ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) ২০২৩–২০৫০’ এবং ‘Nationally Determined Contribution (NDC)’ অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের “বিকল্প জীবিকা সহায়তা” কম্পোন্যান্টটি ২০২৫–২০২৭ সময়কালে বাস্তবায়ন করছে NGO Forum for Public Health। মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি উপকারভোগীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 
এরই ধারাবাহিকতায় গত ২১–৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মুজিবনগর ইউনিয়নে ০৭ দিনব্যাপী পশু চিকিৎসায় সহায়ক কর্মী বিষয়ক (প্যারাভেট) কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৫ জন উপকারভোগীর মাঝে রেফ্রিজারেটর , এপ্রন ড্রেস, ছাতা , কুল বক্স ও প্রয়োজনীয় ভ্যাকসিন উপকরণ বিতরণ করা হয়। এর ফলে উপকারভোগীরা স্থানীয়ভাবে পশু চিকিৎসা প্রদান করে পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা মনে করেন, এই পশু চিকিৎসায় সহায়ক কর্মী বিষয়ক (প্যারাভেট) কার্যক্রমের মাধ্যমে একটি পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং উপকারভোগীরা টেকসই জীবিকার নিশ্চয়তা পাবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই উন্নয়নের ক্ষেত্রে এ উদ্যোগ একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।